
বাংলার খবর ডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থানরত দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করে যোগাযোগ ও অনলাইন বৈঠক করছে—এমন অভিযোগের ভিত্তিতে সরকার এ দুটি অ্যাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর টেলিগ্রাম ও বোটিম বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে। আপাতত রাতের সময় এ দুটি অ্যাপের গতি কমিয়ে দেওয়ার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
জানা গেছে, সম্প্রতি রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২৪৪ জন নেতাকর্মীর মধ্যে দেড় শতাধিকের বেশি ব্যক্তি এই দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের মোবাইল ফোন জব্দ করার পর এ তথ্য বেরিয়ে আসে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখান থেকেই নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশনা দিচ্ছেন। এই কারণে নির্বাচনী সময়ে অ্যাপ দুটি ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
উল্লেখ্য, টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যার প্রতিষ্ঠাতা পাভেল দুরভ রুশ বংশোদ্ভূত। অপরদিকে বোটিম যুক্তরাষ্ট্রভিত্তিক একটি যোগাযোগ অ্যাপ, যেখানে ভয়েস-ভিডিও কলের পাশাপাশি অর্থ আদান-প্রদানের সুবিধাও রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























