
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’।
গত ৭ নভেম্বর সকালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আমেরিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন একাডেমীর পরিচালক ও বিশিষ্ট আলেম মাওলানা নোমান আহমদ হানিফ। প্রবাসে থেকেও তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার শিশুদের মধ্যে দ্বীনি ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং আল-মদিনা ইসলামী একাডেমীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় মুরুব্বি ও শিক্ষানুরাগী ব্যক্তিরা একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে একাডেমীর সার্বিক উন্নয়ন ও সাফল্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলার খবর ডেস্ক : 



















