
মোঃ আবু জাহের, মালদ্বীপ প্রতিনিধি:
প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা, রাজনৈতিক অঙ্গীকার ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেছেন ফেনী জেলা জজ কোর্টের আইনজীবী ও ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মালদ্বীপের রাজধানী মালের চিং-চং রেস্তোরাঁয় তাঁকে সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত ফেনী জেলা বিএনপির প্রবাসী নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এ সময় মালদ্বীপ সফররত ফেনী জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী ও দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মালদ্বীপ বিএনপির সহসভাপতি শাহ আলম মো. ফারুক ও শাহ আলম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবনেতা আরিফুল ইসলাম, আবদুল মান্নান, সুমন মিয়াজী, মো. ইসরাফিল, আবু জাহের, মো. হারুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমানসহ উপস্থিত নেতাকর্মীরা।
সম্মাননা গ্রহণের পর প্রবাসী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি তাঁদের অকৃত্রিম ভালোবাসা, রাজনৈতিক অঙ্গীকার ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের সংকটময় পরিস্থিতিতে প্রবাসীরা আন্দোলনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনেও তাঁরা সক্রিয় ছিলেন।
বিশেষ করে বিগত ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও অনলাইনে প্রবাসীদের ধারাবাহিক রাজনৈতিক ভূমিকা ছিল উল্লেখযোগ্য বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে দেশে অনেক প্রবাসীর পরিবারকেও হয়রানির শিকার হতে হয়েছে বলে উল্লেখ করেন মেজবাহ উদ্দিন ভূঁইয়া। একই সঙ্গে প্রবাসীদের ত্যাগ, অবদান ও সাহসী ভূমিকার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে মালদ্বীপ সফররত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। পাশাপাশি তাঁদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
বাংলার খবর ডেস্ক : 



















