
প্রতিবেদক: জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার
মাধবপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান। বর্তমানে লন্ডনে অবস্থান করায় এবার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যেতে পারছেন না তিনি। তবে প্রবাসে থেকেও দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভকামনা জানিয়েছেন সাবেক এই জনপ্রতিনিধি।
এ বছর মাধবপুর উপজেলায় ১১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজাকে ঘিরে বিভিন্ন মণ্ডপে চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা আয়োজন। উৎসবের আনন্দে মেতেছেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গোৎসব উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় আলহাজ সৈয়দ মো. শাহজাহান উপজেলার সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে উৎসব উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাবেক এই উপজেলা চেয়ারম্যান আশা প্রকাশ করেন, দুর্গোৎসব সবার জন্য আনন্দময় ও নিরাপদ হয়ে উঠবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে মাধবপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে।
লন্ডনে অবস্থানের কারণে এবার সরাসরি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে না পারলেও তাঁর শুভেচ্ছা বার্তায় স্থানীয় মানুষের প্রতি শুভকামনা ও সম্প্রীতির বার্তা উঠে এসেছে।
বাংলার খবর ডেস্ক : 



















