
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ১ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১০৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী কাকমারাছড়া, সিন্দুরখান ও বাল্লা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে কাকমারাছড়া বিওপির টহলদল টিলাগাঁও এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ১১ নম্বর টিলাগাঁও এলাকায় চোরাকারবারিদের লুকিয়ে রাখা সন্দেহজনক একটি বস্তা তল্লাশি করে ৬৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে বাল্লা বিওপির টহলদল টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই দিনে সিন্দুরখান বিওপির টহলদল কুঞ্জবন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে আরও ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।
তিনটি অভিযানে জব্দ করা মদের মোট সিজার মূল্য ১ লাখ ৬২ হাজার টাকা। জব্দ করা এসব মাদকদ্রব্য বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৫৫ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে বিজিবি।
বাংলার খবর ডেস্ক : 



















