
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
জনগণের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সিসি ঢালাই করে সংস্কার করে দিয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি।
ইউনিয়নের মশাদিয়া গ্রামের সুহেল মিয়ার বাড়ি থেকে সেনু মিয়ার বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের জরাজীর্ণ মাটির রাস্তাটি সংস্কার করা হয়েছে। ১৭০ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৬ ফুট প্রস্থের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা ও চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে কাদা-পানি এবং অন্যান্য সময়ে রাস্তায় খানাখন্দের কারণে এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের দীর্ঘদিনের এই ভোগান্তি বিবেচনায় নিয়ে চেয়ারম্যান নোমান সারোয়ার জনি ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করে রাস্তাটি সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেন।
রাস্তাটির সংস্কারকাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আশপাশের বাড়ির বাসিন্দা ও পথচারীরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। চেয়ারম্যানের উদ্যোগে সেই দুর্ভোগ অনেকটাই কমেছে। এ জন্য তাঁরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান নোমান সারোয়ার জনি বলেন, “জনগণের সেবা করা আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্যের অংশ। মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমার খুব ভালো লাগছে। চেয়ারম্যান হিসেবে শুধু নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও আমি সারাজীবন এভাবেই মুড়িয়াউক ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”
রাস্তাটি সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুড়িয়াউক ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, চলাচলের দুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগ এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলার খবর ডেস্ক : 



















