
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে ব্যস্ততম সড়কের চার রাস্তার মোড়ে ধান কাটার হারভেস্টার মেশিন রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। গত জ্যৈষ্ঠ মাস থেকে কয়েক মাস ধরে মেশিনটি সেখানে পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ।
স্থানীয় সূত্রে জানা যায়, মনতৈল গ্রামের টমটম স্ট্যান্ডসংলগ্ন চার রাস্তার মোড়ে একই গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একটি বড় আকারের ধান কাটার হারভেস্টার মেশিন রাখা রয়েছে। দীর্ঘদিন ধরে মেশিনটি সেখানে পড়ে থাকায় মোড়ের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।
গ্রামবাসীর অভিযোগ, সড়কটি গ্রামের যোগাযোগের অন্যতম প্রধান পথ। গুরুত্বপূর্ণ মোড়টিতে হারভেস্টার মেশিন রাখায় সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক, পিকআপসহ বড় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। মোড় পার হতে গিয়ে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের। স্থানীয়রা একাধিকবার আপত্তি জানালেও মেশিনটি সরানো হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। এমনকি প্রতিকার চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও স্থায়ী সমাধান পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে হারভেস্টার মেশিনের মালিক বাচ্চু মিয়া বলেন, জ্যৈষ্ঠ মাস থেকে মেশিনটি সড়কে রাখা হয়েছে। এর একটি যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় সেটি সরানো সম্ভব হচ্ছে না। ঢাকা থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এলে তা লাগিয়ে মেশিনটি সরিয়ে নেওয়া হবে। তবে তাঁর দাবি, এ বিষয়ে কেউ তাঁকে অভিযোগ জানাননি।
এদিকে ৫ নম্বর করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ বলেন, মানুষের ভোগান্তি ও সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। সড়কের প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত পুলিশ পাঠানো হবে।
ব্যস্ততম সড়কটি থেকে দ্রুত হারভেস্টার মেশিন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বাংলার খবর ডেস্ক : 



















