
বাংলার খবর ডেস্ক:
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবছে সরকার। শনিবার (১০ অক্টোবর) দুপুরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।
মাহাদী আমিন বলেন, এসএসসি পরীক্ষার ফলাফলই জীবনের সফলতা কিংবা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি নয়। এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি জানান, শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বিবেচনায় নিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় কাউকে প্রশিক্ষণ দেওয়া, কাউকে ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া এবং কাউকে তৃতীয় ভাষায় দক্ষ করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
মাহাদী আমিন আরও বলেন, যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে চায়, তাদের জন্য সেই সুযোগও রাখা হবে। শিক্ষার্থীরা যেন নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে।
অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় কমিয়ে আনার সম্ভাবনা নিয়েও সরকার ভাবছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তবে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজনের বিষয়টি এখনো বিবেচনাধীন বলে তার বক্তব্যে উঠে এসেছে।
বাংলার খবর ডেস্ক : 


















