
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে হাওরের ‘মল্লার’ নামের একটি বিলের মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের ফুল মিয়া ও একই গ্রামের বাচ্চু মিয়ার লোকজনের মধ্যে হাওরের ওই বিলের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে এক পক্ষের লোকজন বিলে মাছ ধরতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে লাখাই থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


















