
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়। ২০২৬ সালের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) একসঙ্গে জেলার ছয় ক্রিকেটার সুযোগ পেয়েছেন। হবিগঞ্জের ক্রিকেটে একই সময়ে এতজন খেলোয়াড়ের প্রথম শ্রেণির ক্রিকেটে জায়গা পাওয়ার ঘটনা এবারই প্রথম।
হবিগঞ্জের সন্তান, জাতীয় দলের সাবেক তারকা পেসার ও বিসিবির সিনিয়র কোচ নাজমুল হোসেনের তত্ত্বাবধানে এনসিএলে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক, মহিউদ্দিন তারেক, আবু সুফিয়ান, রফিকুল ইসলাম জয়, অনিক দেব বর্মা ও মাহিন।
এর মধ্যে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে জাকের আলী অনিক স্বয়ংক্রিয়ভাবে এনসিএলে সুযোগ পেয়েছেন। অন্য পাঁচজনের জন্য এটি প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের সুযোগ। দীর্ঘদিনের অনুশীলন ও পরিশ্রমের পর জাতীয় পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ পেয়েছেন তারা।
এর আগে জাতীয় পর্যায়ের ক্রিকেটে হবিগঞ্জের হয়ে খেলেছেন নাজমুল হোসেন, রিন্টু রায় ও সিরাজুল্লাহ খাদেম নিপু। তবে একই সময়ে জেলার ছয় ক্রিকেটারের এনসিএলে সুযোগ পাওয়াকে স্থানীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কোচ নাজমুল হোসেনের তত্ত্বাবধানে হবিগঞ্জের ক্রিকেটারদের এই অগ্রযাত্রায় স্থানীয় ক্রিকেটে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এনসিএলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে ভবিষ্যতে জাতীয় দলের পথ আরও প্রশস্ত করবেন।
বাংলার খবর ডেস্ক : 



















