
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার জনবহুল বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে গত কয়েক মাস ধরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বাজারের সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে অচল এবং কার্যকর নৈশপ্রহরীর ব্যবস্থা না থাকায় চোরেরা সুযোগ নিয়ে একের পর এক দোকানে চুরি করছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদের।
সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে বাজারের ব্যবসায়ী জাকারিয়ার মুরগির দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের পেছনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা ও বেশ কিছু মুরগি নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকারিয়া জানান, এর আগেও একই দোকানে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত তিন থেকে চার মাস ধরে নিয়মিত বিরতিতে বাজারের বিভিন্ন দোকানে চুরি হচ্ছে। চোরেরা সাধারণত দোকানের বেড়া বা পেছনের অংশ ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও দীর্ঘদিন ধরে সেগুলো অচল অবস্থায় রয়েছে। ফলে চুরির পর অপরাধীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি কার্যকর নৈশপ্রহরী না থাকায় রাতের বেলায় বাজারের নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।
দফায় দফায় চুরির ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত বাজারের সিসি ক্যামেরা সচল করা, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং কার্যকর নৈশপ্রহরীর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
বাংলার খবর ডেস্ক : 



















