
মোঃ আইয়ুব খান,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৯। একই সঙ্গে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, অপহৃত কিশোরী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ৪ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার পর কিশোরীর বাবা মাধবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আরাফাত ইসলাম মাধবপুর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব। উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলার খবর ডেস্ক : 
























