
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার পর আদালতের কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনুকে হাসতে দেখা যায়।
রায়ে ট্রাইব্যুনাল নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের তিন নম্বর অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সম্পৃক্ততার ছয় নম্বর অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং সাত নম্বর অভিযোগে আরও এক লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
তবে এক, দুই, চার, পাঁচ ও আট নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। পৃথকভাবে ৩০ বছরের সাজা হলেও সব দণ্ড একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার আগে দুপুরে একমাত্র আসামি হাসানুল হক ইনুকে হাজতখানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আনা হয়। মামলার রায় সরাসরি সম্প্রচার করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিভিন্ন বক্তব্য, সভা, টেলিফোনে নির্দেশনা ও রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলন দমন, বলপ্রয়োগে উসকানি, ষড়যন্ত্র এবং কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনে প্ররোচনা ও সহায়তার অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ আনা হয়।
এর আগে গত ২২ জুন ট্রাইব্যুনাল এ মামলার রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেন।
বাংলার খবর ডেস্ক : 















