
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সারা বছর এ কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, শহর ও গ্রাম—উভয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধ করতে বিশেষ কার্যক্রম চালানোর কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 






















