
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
“চা বাগানের মানুষ সহজ–সরল, পরিশ্রমী ও কর্মমুখী। তাদের একটু সুযোগ দিলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে। রাজনীতির বাইরে গিয়েও আমরা চা শ্রমিকদের পাশে থাকতে চাই”—এভাবেই নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন বিএনপি নেতা ও শিল্পোদ্যোক্তা সৈয়দ শাফকাত আহমেদ।
রোববার বিকেলে চুনারুঘাট উপজেলার লস্করপুর চা বাগান মাঠে অনুষ্ঠিত আন্তঃচা বাগান ‘ফ্রিজ অ্যান্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬’-এর মেগা ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চা শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খুব একটা স্বচ্ছল নয়। তবে তারা অত্যন্ত কর্মঠ ও দায়িত্বশীল। সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে তারা দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। সমাজের সব মহৎ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে চা শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন সৈয়দ মোঃ ফয়সল। চা শ্রমিকদের উন্নয়ন ও অধিকার রক্ষার স্বার্থে তাকে ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান সৈয়দ শাফকাত আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সায়েম, পৌর বিএনপি নেতা শফিউল আলম সাফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, জসীম উদ্দিন জসিমসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।
খেলাকে কেন্দ্র করে চা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
বাংলার খবর ডেস্ক : 











