
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় সুন্নী জনতা ও বাসিন্দাদের একাংশের মধ্যে প্রতিবাদ দেখা দিয়েছে। তাঁর আগমনের প্রতিবাদ এবং নির্ধারিত মাহফিল বয়কটের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কাশিমনগর বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহরা ইউনিয়ন শাখার সভাপতি শাহিন আলম রিপন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সদস্য মুজাহিদ চৌধুরী, যুবনেতা রাসেল আহমেদসহ স্থানীয় সুন্নী জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াছিমের সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৫ নভেম্বর মাধবপুর উপজেলার তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৪তম সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের মধ্যে আপত্তি ও অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিল থেকে ১৫ নভেম্বরের নির্ধারিত সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণাও দেওয়া হয়।
সম্মেলনের আগমুহূর্তে বিক্ষোভ ও বয়কটের ঘোষণা ঘিরে মাধবপুরের স্থানীয় ধর্মীয় ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















