
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ চারটি পদে নেতা নির্বাচিত করেছেন শিক্ষক-কর্মচারীরা। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছানোয়ার মো. রেজাউল করিম পেয়েছেন ১৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে জগদীশপুর জেসি হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আবিদ মিয়া ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দিউড়া উম্মেতুনেসা উচ্চ বিদ্যালয়ের মো. ফখরুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের মো. আশিকুল ইসলাম ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ তাউছ মিয়া পেয়েছেন ১০৭ ভোট এবং ছাতিয়ান বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজের কাজী সাইফুল আলম পেয়েছেন ৯৯ ভোট।
অর্থ সম্পাদক পদে মনতলা উচ্চ বিদ্যালয়ের মো. খলিলুর রহমান ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ের নুরুল আমিন পেয়েছেন ১৫৭ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাউথ কাসিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল্লর আলী জানান, ফলাফল বিবরণী অনুযায়ী, সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শিক্ষক-কর্মচারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ও শিক্ষার পরিবেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলার খবর ডেস্ক : 



















