
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ মো. উজ্জ্বল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (৮ নভেম্বর) রাতে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করতে সক্ষম হয় র্যাব। তবে অপর ব্যক্তি একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে আটক ব্যক্তির হেফাজতে থাকা একটি বস্তা এবং পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মহর আলীর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল জানান, তিনি ও পলাতক ব্যক্তি পরস্পরের যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 




















