
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মজুত ও বিক্রির দায়ে একটি খাবারের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করে দুটি এতিমখানায় বিতরণ করা হয়। একই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে আরেকটি রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) চরভৈরবী মাছঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ‘ইসলামিয়া হোটেল’ নামের খাবারের দোকানটিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
এ ছাড়া একই ইউনিয়নে অবস্থিত ‘ক্যাফে জমজম রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্ট ফুড’ নামের প্রতিষ্ঠানটিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে হাইমচর থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে। দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাংলার খবর ডেস্ক : 



















