
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
চট্টগ্রামের মীরসরাইয়ে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে ভিড়ের মধ্যে রোগীদের স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগীরা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছিলেন। এ সময় ১০ থেকে ১১ জন নারী লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কির সৃষ্টি করেন। এই সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি হয়। চুরি যাওয়া চেইনগুলোর মোট ওজন আনুমানিক ১৭ আনা ২ রতি বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে সাত নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আমিনা খাতুন (৩৬)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা কোনো সংঘবদ্ধ চোর চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ভিড়ের মধ্যে চুরি এবং একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার নারীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 



















