
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় জমিতে কৃষিকাজ করতে গিয়ে সাপের কামড়ে মো. তোফাজ্জল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার না, ঘটনার নির্দিষ্ট তারিখ জানা যায়নি। উপজেলার করাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তোফাজ্জল ওই গ্রামের মো. সোনাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তোফাজ্জল নিজের জমিতে কৃষিকাজ করতে যান। কাজ করার একপর্যায়ে বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি বুঝতে পারেননি।
কাজ শেষে বাড়ি ফেরার পর তোফাজ্জল অসুস্থতা অনুভব করতে থাকেন। পরিবারের সদস্যরা প্রথমে সাপের কামড়ের বিষয়টি বুঝতে না পেরে স্থানীয় এক পল্লিচিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নাপা ও প্যারাসিটামলজাতীয় ওষুধ সেবন করান।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে উপসর্গ দেখে তার মা বুঝতে পারেন, তোফাজ্জলকে সাপে কামড়েছে। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সিলেটে নেওয়ার পথেই তোফাজ্জলের মৃত্যু হয়।
তোফাজ্জল মিয়ার অকালমৃত্যুতে তার পরিবার ও করাব গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। জমিতে কাজ করতে গিয়ে সাপের কামড়ে এমন প্রাণহানির ঘটনায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















