
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে যাতায়াতের প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের।
হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ অংশ থেকে কলেজ পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে সড়কটি দিয়ে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির সময় রিকশা ও অটোরিকশা চলাচলে দুর্ভোগ বেড়ে যায়। কোথাও কোথাও গর্ত এতটাই বড় যে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে সড়কজুড়ে ধুলাবালির কারণে পথচারী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
কলেজের আবাসন ও অন্যান্য অবকাঠামো ভালো হলেও যোগাযোগব্যবস্থার এই দুরবস্থার কারণে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। অনেক শিক্ষার্থীকে কাদা-পানি মাড়িয়ে কলেজে যেতে হয়। এতে তাদের পোশাক ও শিক্ষা উপকরণ নষ্ট হওয়ার পাশাপাশি স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. হামজা মাহমুদ বলেন, “আমাদের কলেজের অবকাঠামো খুবই ভালো। কিন্তু শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তাটি। সামান্য বৃষ্টিপাত হলেই ছাত্র-ছাত্রীরা কলেজে আসতে চরম ভোগান্তিতে পড়ে। তাদের জুতা-কাপড় কাদা-পানিতে নষ্ট হয়ে যায়। পড়ালেখার পরিবেশ বজায় রাখতে রাস্তাটি দ্রুত সংস্কারের মাধ্যমে পাকাকরণ করা জরুরি।”
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তারা দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সড়কটি সংস্কার করা হলে কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।
বাংলার খবর ডেস্ক : 



















