
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘মাদক মুক্ত সমাজ চাই’ সংঘটনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হরষপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে পথযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে ‘মাদকের বিরুদ্ধে, এক হও এক হও’, ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’, ‘মাদক পরিবারকে ধ্বংস করে, সমাজকে করে নিঃস্ব’ এবং ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’—এসব স্লোগান উচ্চারিত হয়। একই সঙ্গে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব ব্যক্তি থেকে পরিবার ও সমাজ পর্যন্ত বিস্তৃত। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ, ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, সমাজসেবক সাইফুর রহমান টিটু, গোলাম হোসেনসহ ‘মাদক মুক্ত সমাজ চাই’ সংঘটনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
বাংলার খবর ডেস্ক : 



















