
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বুল্লা বাজারে নৈশপ্রহরীর সংকট ও দুর্বল নজরদারির সুযোগে চুরি ও নানা অপতৎপরতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, বাজারে রাতে পাহারাদার থাকার কথা থাকলেও বাস্তবে পর্যাপ্ত নৈশপ্রহরী দেখা যায় না। বিশেষ করে রাত সাড়ে ১২টার পর বাজারের প্রধান সড়ক ও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া ভেতরের অন্ধকার এলাকাগুলোতে নিয়মিত পাহারা থাকে না। ফলে এসব এলাকায় চোরেরা সহজেই সুযোগ নিচ্ছে বলে তাদের দাবি।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে দায়িত্বে থাকা কয়েকজন পাহারাদারের মধ্যে অনেকেই বয়স ও শারীরিক সক্ষমতার কারণে পুরো রাত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তাই বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ ও কর্মক্ষম নৈশপ্রহরী নিয়োগের পাশাপাশি পাহারার পরিধি বাড়ানো প্রয়োজন।
স্থানীয়দের মতে, শুধু নৈশপ্রহরীদের ওপর নির্ভর না করে ব্যবসায়ীদেরও পালাক্রমে পাহারার কাজে যুক্ত হওয়া দরকার। পাশাপাশি বাজারের অন্ধকার ও অপেক্ষাকৃত নির্জন পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে হবে।
বুল্লা বাজার লাখাইসহ আশপাশের এলাকার মানুষের অন্যতম প্রধান কেনাবেচার কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক ব্যবসায়ী ও ক্রেতার সমাগম হওয়া এই বাজারে চুরি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
তাদের দাবি, রাতের বেলা বাজার এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার করা হলে চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা না হলে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 




















