
বাংলার খবর ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) ‘পাওনিয়ার বেজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ আগুনে কম্পিউটার, এসি, ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের তীব্রতায় পাওনিয়ার বেজসহ আশপাশের আরও দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ ও অভ্যন্তরীণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে প্রকল্পের সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কম্পিউটারনির্ভর বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ঘটনার ৪২ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও মঙ্গলবার রাত পর্যন্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় ইন্টারনেট ও কম্পিউটারভিত্তিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন এবং সংযোগ পুনঃস্থাপনে সংশ্লিষ্টরা কাজ করছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















