
জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গণপাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য পিয়াইম গ্রামের ১৩ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
শনিবার দুপুরে পিয়াইম গণপাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিয়াইম গ্রামের কৃতী সন্তান ও সাবেক যুগ্ম সচিব ড. প্রদীপ রায়হানের উদ্যোগে প্রতিষ্ঠিত এ গণপাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি আব্দুর রহমান নানু।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি ও কথাসাহিত্যিক আখতারুজ্জামান চৌধুরী সুমন। পাঠাগারের সমাজকল্যাণ সম্পাদক ও শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের এম এ ওয়াহিদ, পিয়াইম-রনাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, এনটিভি ও আগামীর সময় পত্রিকার প্রতিনিধি জামাল মো. আবু নাছের, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট জসিম উদ্দিন এবং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিয়ারিশ মিয়াসহ স্থানীয় শিক্ষক, সাহিত্যপ্রেমী, পাঠাগারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়; এটি জ্ঞান, মনন ও মানবিকতা চর্চার অন্যতম কেন্দ্র। একটি বই একজন মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে পারে, আর একটি পাঠাগার একটি প্রজন্মের চিন্তাধারা বদলে দিতে পারে। শিশু-কিশোর ও তরুণদের বইমুখী করতে পিয়াইম গণপাঠাগারের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য ১৩ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় পিয়াইম গণপাঠাগারের প্রয়াত সভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বাংলার খবর ডেস্ক : 



















