
মাধবপুর/চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্র, ভারতীয় মনিপুরি থামি কাপড়, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে দুইজনকে আটক করা হয়। বিজিবির দাবি, অভিযানে জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন বাল্লা ও তেলিয়াপাড়া বিওপির টহল দল পৃথক এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাল্লা বিওপির একটি টহল দল চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের সীমান্ত পিলার থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে গাড়িতে থাকা চার ব্যক্তি নেমে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন বলে দাবি করেছে বিজিবি। পরে টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। এ সময় অপর দুই ব্যক্তি জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং হামলার চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. নাজু মিয়া (২৮) ও বাল্লা গ্রামের মো. সজল মিয়া (২২)।
বিজিবি জানায়, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন দক্ষিণ টেকেরঘাট গ্রামের মো. রুবেল মিয়া (৩২) ও মো. সজিব মিয়া (২২)।
এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অপরদিকে, একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে তেলিয়াপাড়া বিওপির টহল দল মাধবপুর উপজেলার সীমান্ত পিলার নম্বর ১৯৮১/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেকেরপাড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















