
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এফ,এ,এম শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজসহ পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ।
র্যালিটি মাধবপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগানে অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালিটি অনুষ্ঠিত হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করেন। আমরা ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সুখে-দুঃখে, বিপদে-আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার ও প্রশাসন সবসময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অন্যায়, হিংসা ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠাই শ্রীকৃষ্ণের আদর্শের অন্যতম শিক্ষা।
বক্তারা আরও বলেন, জন্মাষ্টমীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের মানবিক আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
বাংলার খবর ডেস্ক : 



















