
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল মোরাকরি-দরগাহ গেইট সড়কের মোরাকরি পূর্ব গ্রাম অংশে রাস্তার কিছু অংশ ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটির ভাঙা অংশের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী ও যাতায়াতকারী চালকেরা। দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি মোরাকরি থেকে শুরু হয়ে পূর্ব দিকে সুবিদপুর ও লক্ষীপুর গ্রামের ওপর দিয়ে দরগাহ গেইট এলাকায় গিয়ে মিলিত হয়েছে। প্রতিদিন এই আঞ্চলিক সড়ক দিয়ে শত শত ছোট-বড় যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করেন। উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ড ও দৈনন্দিন যোগাযোগে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে মোরাকরি পূর্ব গ্রাম এলাকায় সড়কের একাংশ ভেঙে ধসে পড়ায় রাস্তা সংকুচিত হয়ে গেছে। ফলে বিপরীত দিক থেকে আসা দুটি যানবাহন একসঙ্গে পারাপারের সময় চরম ঝুঁকির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে কিংবা দ্রুতগতিতে চলাচলের সময় যাত্রীবাহী যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা বাড়ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভাঙন দেখা দিলেও এখনো কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন যানবাহনের চাপ বাড়ায় ভাঙা অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত টেকসই সংস্কার কাজ শুরু করুক। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে লাখাই উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বাংলার খবর ডেস্ক : 





















