
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনে গোলাগুলির ঘটনায় সরকারি কাজে বাধা, সংঘবদ্ধভাবে অস্ত্রসহ অনধিকার প্রবেশ, অবৈধভাবে গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
রেমা বন বিটের বিট কর্মকর্তা আল আমিন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, পীরপুর, নিশ্চিন্তপুর ও আমিরপুর গ্রামের কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে বন এলাকায় প্রবেশ করে অবৈধভাবে গাছ কাটছিল। বন বিভাগের টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী হয়ে ওঠে এবং প্রাণনাশের উদ্দেশ্যে গুলি চালায়।
আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে বিজিবির সহায়তায় পুনরায় অভিযান চালিয়ে ঘটনাস্থল তল্লাশি করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১২টি সেগুন ও ৮টি আকাশমণি গাছের মোট ৫৭ টুকরা গোলকাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ ১১৬ দশমিক ২৯ ঘনফুট। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাংলার খবর ডেস্ক : 
















