
মাধবপুর প্রতিনিধি, বাংলার খবরঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামে মৎস্যচাষি হাজী সিরাজ আলীর দিঘীতে পাড় কেটে মাছ চুরি, লুটপাট, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ প্রায় ৫০–৬০ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রুই, কাতলা, তেলাপিয়া, চাইনিজ পুঁটি সহ বিভিন্ন প্রজাতির মাছ তুলে নিয়ে যায়। কয়েকদিন আগে সিরাজ আলীর ছেলে ফুয়াদ হাসান সাকিব যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর দুর্বৃত্তরা সুযোগ বুঝে হ্যাচারি ও দিঘীর পাড় কেটে দেয় এবং ভেতরে ভাঙচুর চালায়।
এ সময় গুলির শব্দে পাহারাদার আত্মরক্ষার্থে পালিয়ে যান। প্রতিবেশীরা হ্যাচারি রক্ষায় চেষ্টা চালালেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর সিরাজ আলীর পুত্রবধূ মোছা. ফারজানা আক্তার ইসপা আদালতে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০–৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গ্রামবাসীরা জানান, সীমান্তবর্তী গন্ধবপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। প্রায় প্রতিরাতে গুলিবর্ষণ ও দাঙ্গাহাঙ্গামা হচ্ছে। তারা দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি সহিদ উল্লাহ বলেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 




















