
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
উৎপাদন খরচের তুলনায় এবার রোপা আমন ধানের দাম কম। তার ওপর লাখাইয়ে ঢলতার নামে কৃষকদের কাছ থেকে বাড়তি ধান নেওয়ার অভিযোগ উঠেছে একশ্রেণির ধান ব্যবসায়ী ও ফড়িয়ার বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, এতে নেতৃত্ব দিচ্ছেন করাব এলাকার নুরুল ইসলাম ও আব্দুর রশিদ নামের দুই ফড়িয়া। মাঠে কষ্ট করে ধান ফলালেও বিক্রির সময় তাঁদের কাছে অসহায় হয়ে পড়ছেন প্রান্তিক চাষিরা।
নিয়ম অনুযায়ী ৪০ কেজিতে এক মণ। কিন্তু ধান শুকিয়ে ওজন কমে যাওয়াসহ নানা অজুহাতে ৪২ কেজিতে এক মণ ধরে ধান কেনা হচ্ছে। অর্থাৎ ঢলতার নামে প্রতি মণে ২ কেজি ধান বেশি নেওয়া হচ্ছে, যার কোনো দাম পান না কৃষকেরা। এতে হয়রানির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষিরা।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লাখাই উপজেলায় ৩ হাজার ৯৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। তবে উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রার তথ্য পাওয়া যায়নি। বর্তমানে মাঠে ধান কাটা ও মাড়াই চলছে। স্থানীয় বাজারে প্রকারভেদে প্রতি মণ ধান ৯০০ থেকে ৯২০ টাকায় বিক্রি হচ্ছে।
করাব গ্রামের কৃষক শাহ মোহাম্মদ শান্ত বলেন, “নুরুল ইসলাম ও আব্দুর রশিদ নামে দুই ফড়িয়ার কাছে ৪২ কেজিতে মণ দরে ২৮ মণ ধান বিক্রি করেছি। ঢলতার অজুহাতে মণপ্রতি ২ কেজি বেশি না দিলে তাঁরা ধান নিতে চান না।” একই গ্রামের কৃষক ফজলুও একই অভিযোগ করেন।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরেক কৃষক রহিম জানান, এবার ধান রোপণ ও কাটার সময় শ্রমিকের মজুরি বেশি দিতে হয়েছে। সারও কিনতে হয়েছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। তাঁর হিসাবে, এক বিঘা জমিতে সর্বোচ্চ ১৩ থেকে ১৫ মণ ধান হয়। বীজ, চাষ, রোপণ, কীটনাশক, সেচ, কাটা ও মাড়াই মিলিয়ে বিঘাপ্রতি খরচ পড়ে প্রায় ১৪ হাজার টাকা। অথচ ৯০০ টাকা দরে ১৫ মণ ধান বেচে পাওয়া যায় ১৩ হাজার ৫০০ টাকা, ফলে বিঘাপ্রতি লোকসান প্রায় ৫০০ টাকা। এর ওপর প্রতি মণে ২ কেজি করে ঢলতা দিতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে ধান ব্যবসায়ী নুরুল ইসলাম ৪২ কেজিতে মণ হিসাবে ধান কেনার কথা স্বীকার করেন। তিনি বলেন, “কারও পোষালে বিক্রি করবে, নয়তো নয়।” কৃষকদের জিম্মি করে ব্যবসা করছেন কি না, জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল তালুকদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
তবে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান বলেন, কৃষকদের আরও সচেতন হতে হবে। যাঁরা ৪২ কেজিতে মণ ধরে ধান কিনছেন, তাঁদের কাছে ধান বিক্রি না করার পরামর্শ দেন তিনি। এমন কোনো অভিযোগ সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।
আরও পড়ুন: লাখাইয়ে ৮৪ বছরের হালিমা বেগম পাননি বয়স্ক ভাতা
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
পারভেজ হাসান 






















