
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিক মিয়া (২৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রফিক মিয়া রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্ববিরোধের জেরে একই গ্রামের আমানউল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)সহ কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকার প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
এদিকে এ ঘটনার পর রাজনগর গ্রামসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















