
মো. সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি:
ডিসেম্বরকে সামনে রেখে পলাতক আসামিদের দেশে অনুপ্রবেশ ঠেকাতে কুমিল্লা সেক্টরের অধীন চারটি ব্যাটালিয়নের ৩২৭ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তের ২০২১/৬-এস পিলার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কুমিল্লা সেক্টর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল জোরদারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ সীমান্ত এলাকায় বিজিবি সদর দপ্তরের মাধ্যমে নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ১১ মাসে কুমিল্লা সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলো বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪১০ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার ৮১০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে আটটি ম্যাগাজিন, চারটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
এ সময়ে ১৫৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 



















