
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে এম সাহেদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাহেদুল ইসলাম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ মিয়া এবং সমবায় সমিতির প্রতিনিধি নোমান তালুকদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন সম্মিলিত উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও সমবায় সমিতিগুলোর অবদান রয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে হবে। এ জন্য সমবায়ীদের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বাংলার খবর ডেস্ক : 



















