
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শাহজিবাজার রাবার বাগানের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাবার বাগানের ফ্যাক্টরির দক্ষিণ পাশের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন ও রাবার বাগান সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাগানের ভেতরে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি রাবার বাগান কর্তৃপক্ষকে জানান। বাগান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বিকেলে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মফিউর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটি অনেক দিনের পুরোনো হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।
শাহজিবাজার রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গোপাল রায় বলেন, তিনি ছুটিতে রয়েছেন। অফিস থেকে বিষয়টি জানার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
বাংলার খবর ডেস্ক : 



















