
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। বুধবার বিজয়া দশমীতে দিনব্যাপী বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়।
উপজেলার ৬৭টি পূজামণ্ডপের প্রতিমা নির্ধারিত স্থানে শোভাযাত্রাসহ নিয়ে বিসর্জন দেওয়া হয়। প্রতিমা বিসর্জন উপলক্ষে পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের শেষ পর্ব সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বলভদ্র নদী, ধলেশ্বরী নদী ও সুতাং নদীতে বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া কোনো কোনো মণ্ডপের প্রতিমা স্থানীয় জলাশয়ে বিসর্জন দেওয়া হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লাখাই উপজেলা শাখার আহ্বায়ক আশীষ দাশগুপ্ত বলেন, এ বছর ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও ধর্মীয় সহাবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, পূজা উদযাপনে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং স্থানীয় সাংবাদিকেরা সার্বিক সহযোগিতা করেছেন।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আশীষ দাশগুপ্ত।
বাংলার খবর ডেস্ক : 



















