
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলামের পক্ষ থেকে।
মাধবপুরের কৃতী সন্তান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে কানাডায় অবস্থান করছেন। বিদেশে থাকলেও নিজ উপজেলা মাধবপুরের পাশাপাশি পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের খোঁজখবর রাখছেন তিনি। তাঁর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় প্রতিনিধিরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।
দুর্গাপূজা চলাকালে চিফ প্রসিকিউটরের প্রতিনিধি হিসেবে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে উপস্থিত হন। এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং কমিটির কর্মকর্তাদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
শুভেচ্ছা বিনিময়কালে প্রতিনিধিদলের সদস্যরা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম বিদেশে অবস্থান করলেও এলাকার মানুষের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে তিনি আন্তরিক।
তাঁরা আরও বলেন, “চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে আমরা বিভিন্ন পূজামণ্ডপে এসে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি, সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছি এবং পূজা উদ্যাপন কমিটিগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দিচ্ছি।”
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও সহযোগিতার এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।
বাংলার খবর ডেস্ক : 



















