
শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মো. মোত্তাকিম চৌধুরী। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
রোববার (১৮ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মোত্তাকিম চৌধুরী পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন এবং পূজার সার্বিক সফলতা কামনা করেন।
এ সময় মোত্তাকিম চৌধুরী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন, আন্দিউড়া ইউনিয়নে সব ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে জন্য স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 



















