
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে ভোররাতে পুলিশের অভিযানে ১২৫ বোতল স্কাফ সিরাপসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের একটি বসতঘরে এ অভিযান চালানো হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইখতিয়ার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে আমিনুল ইসলাম সাগর (৩০) ও ফারুক মিয়া (২০)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
আটক আমিনুল ইসলাম সাগর দেবনগর গ্রামের আওয়াল মিয়ার ছেলে। অপর আটক ফারুক মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কুলাইচাছড় গ্রামের আব্দুস ছমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেবনগর গ্রামে অভিযান চালানো হয়। পরে আমিনুল ইসলাম সাগরের বসতঘরে তল্লাশি চালিয়ে এসব স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীমান্তঘেঁষা মাধবপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহ নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সচেতনতাও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলার খবর ডেস্ক : 



















