
জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ বলেছেন, নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ। তারাই আগামী দিনের বাংলাদেশকে আরও সমৃদ্ধ, উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশের কোনো বাঁধাই উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে পাহাড়সম সমস্যাও অতিক্রম করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। বুধবার সকালে নোয়াপাড়া আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নোয়াপাড়া ইউনিয়ন প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা তরুণ প্রজন্মের মাধ্যমে একটি সুন্দর দেশ ও সমাজব্যবস্থা উপহার দিতে চাই। এজন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠতে হবে। আগামী দিনের নেতৃত্ব এই শিক্ষার্থীদের হাতেই থাকবে। তাই তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ করে দেওয়া আমাদের সবার দায়িত্ব।”
প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ আরও বলেন, শিক্ষাজীবনে নানা ধরনের বাধা ও প্রতিকূলতা আসতে পারে। কিন্তু কোনো বাধার কাছে হাল ছেড়ে দিলে চলবে না। “তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। তোমাদের এগিয়ে যাওয়ার পথে যত বাধাই আসুক, আমরা তোমাদের পাশে আছি। তোমাদের যেকোনো প্রয়োজন ও সমস্যা সমাধানে সামর্থ্য অনুযায়ী পাশে থেকে কাজ করে যাব। তোমরাই আগামী দিনের দেশের সম্পদ।”
তিনি বলেন, একটি এলাকার উন্নয়নের জন্য শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামাঞ্চলে শিল্পায়নের কারণে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং বেকার সমস্যা কিছুটা হলেও কমেছে। ভবিষ্যতে আরও শিল্পকারখানা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে স্থানীয় তরুণদের নিজ এলাকায় থেকেই কর্মজীবন গড়ার সুযোগ তৈরি হবে।
তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজ যদি দৃঢ়ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে মাদকমুক্ত সমাজ গঠন করা অনেক সহজ হবে। অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট বিভাগীয় উপপরিচালক সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল হাসান, শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, শিক্ষক ইস্কান্দার মির্জা, শিফা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, শিক্ষক এ কে এম সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এ সময় তাদের কৃতিত্বের স্বীকৃতির জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।
বাংলার খবর ডেস্ক : 























