
হবিগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে আয়োজিত কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলা সদরের কোর্ট মসজিদের সামনে আয়োজিত কর্মসূচি থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কর্মসূচি চলাকালে পুলিশ মাহদী হাসানকে আটক করে। পরে তাকে পুলিশের ভ্যানে করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে টেনেহিঁচড়ে ভ্যানে তোলা হয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে কোর্ট মসজিদের সামনে লোডশেডিংয়ের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে মাহদী হাসানকে আটক করা হয়।
এর আগে মাহদী হাসানের বিরুদ্ধে ‘থানা পুড়িয়ে দিয়েছি’ এবং ‘এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’—এ ধরনের হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।
আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হলেও তাকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে লোডশেডিংয়ের প্রতিবাদ কর্মসূচি থেকে মাহদী হাসানকে আটকের ঘটনায় উপস্থিতদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন দাবি করেন, বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করতে গিয়ে যেন কাউকে অযথা হয়রানি করা না হয়।
অন্যদিকে, মাহদী হাসানের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ থাকলে তা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।
বাংলার খবর ডেস্ক : 
























