
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। এদিন রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এরপর দুপুর ১টার দিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে।
বিএনপির সূত্র জানিয়েছে, সচিবালয়ের বৈঠকটিকে স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে দেখানো হচ্ছে না। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টি আগেই চূড়ান্ত করেছে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। প্রার্থী মনোনয়নের দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের জন্য দলীয় প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরের প্রয়োজন হওয়ায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে দলীয় চেয়ারম্যান প্রস্তাবক ও সমর্থকের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নেবেন বলে জানিয়েছেন আমন্ত্রণ পাওয়া এক নেতা।
দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক এবং অন্য একজন সমর্থক হিসেবে স্বাক্ষর করবেন।
এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের নাম ইতোমধ্যে ঘোষণা করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পর নির্বাচনী প্রক্রিয়ায় বিষয়টি আরও স্পষ্ট হবে।
বাংলার খবর ডেস্ক : 


























