
জালাল উদ্দিন লস্কর, বাংলার খবর
হবিগঞ্জের বাহুবলে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। সোমবার (১০ আগস্ট) গভীর রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—বাহুবল থানার হিলালপুর এলাকার সবুজ মিয়া (৪৫), আবু সুফিয়ান (২৫), রুবেল মিয়া (৩০), সামছু মিয়া (৪৬) এবং কবির মিয়া (৫৫)।
র্যাব জানায়, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে গত ১৫ জুন দুপুরে বাহুবলের আতিদ্যপুর এলাকার সেলু মিয়া ও তাকে বাঁচাতে আসা হেলাল উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রাতে হেলাল উদ্দিনও মারা যান। এই ঘটনায় সেলু মিয়ার স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















