
মোঃ রাসেল আহমেদ, সদর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনা কমাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত চার লেনের উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
মুফতী গিয়াস উদ্দিন তাহেরী বলেন, প্রতিদিনের জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ দ্রুত শেষ করা জরুরি।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ চললেও কাজের গতি অত্যন্ত ধীর। এখন পর্যন্ত যতটুকু কাজ শুরু হয়েছে, তারও সামান্য অংশ দৃশ্যমান হয়েছে। ফলে মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষকে নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তাহেরী বলেন, গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তাই জনস্বার্থে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন। নির্মাণকাজের ধীরগতির কারণে মানুষের ভোগান্তি যাতে আরও দীর্ঘায়িত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “প্রতিদিনের জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল এড়াতে দ্রুততার সঙ্গে সড়কের চার লেনের কাজ সম্পন্ন করা অতীব জরুরি।”
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।
বাংলার খবর ডেস্ক : 

























