
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। দীর্ঘদিনের অবহেলিত এই জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা বাগান এলাকার উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানে বসবাসকারী হাজারো শ্রমিক পরিবার এখনও নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছে। এসব সমস্যা নিরসনে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি চা বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি প্রিন্সিপাল ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার এবং লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।
অনুষ্ঠানে চা বাগান এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণের পাশাপাশি অসহায়, দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও বাস্তুচ্যুত পরিবারের সদস্যদের বিভিন্ন সরকারি সহায়তা প্রদান করা হয়।
বাংলার খবর ডেস্ক : 






















