
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে নারী পর্যটককে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি শাহীন মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প (হবিগঞ্জ) এবং সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল আখাউড়া পৌর এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মাধবপুর থানার মামলা নং-৪৬ (তারিখ: ২৪ মার্চ ২০২৬) এর এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি শাহীন মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়। তিনি মাধবপুর উপজেলার পরমানন্দপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা এবং তার স্বামী প্রবাসে থাকেন। বিকেলে তিনি তার এক পরিচিত আত্মীয়ের সঙ্গে সিএনজি যোগে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে যান।
সন্ধ্যায় বাগানের ভেতরে অবস্থানকালে দুই দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি নিয়ে ধাওয়া করলে সঙ্গে থাকা ব্যক্তি পালিয়ে যান। এ সময় ভুক্তভোগী নারীকে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে। পাশাপাশি তার স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিদের একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 






















