
বাংলার খবর স্পোর্টস ডেস্ক গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে জয় দিয়ে সুপার ফোরের যাত্রা শুরু করেছে টাইগাররা।
১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ ছড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। এটি বাংলাদেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার সাফল্য।
প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম শূন্য রানে ফিরলেও সাইফ হাসান ও লিটন কুমার দাস দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। লিটন ১৫ বলে ২৩ রান করে আউট হলেও বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান।
এরপর সাইফ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে জয়ের ভীত গড়ে ওঠে। সাইফ খেলেন ৪৫ বলে ৬১ রানের ইনিংস, যেখানে ছিল ২ চার ও ৪ ছক্কা। অন্যদিকে হৃদয় মাত্র ৩১ বলে ফিফটি পূর্ণ করে ৩৭ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন।
শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। প্রথম বলেই চার হাঁকান জাকের আলি। তবে পরে টানা দুই বলে জাকের ও মেহেদিকে আউট করে শানাকা কিছুটা উত্তেজনা ছড়ালেও জয় নিশ্চিত করতে বাঁধা হয়নি।
টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ২০ ওভারে ১৬৮ রান। ইনিংসের সেরা ছিলেন দাসুন শানাকা, যিনি ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। কুশল মেন্ডিস করেন ৩৪ রান। বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান বল হাতে ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, এর মধ্যে ১৯তম ওভারে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে ম্যাচ ঘুরিয়ে দেন। একাদশে ফেরা শেখ মেহেদি হাসান ৪ ওভারে ২৫ রান খরচ করে নেন ২ উইকেট। তবে শরিফুল ইসলাম ৪ ওভারে ৪৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
**সংক্ষিপ্ত স্কোর**
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, মেন্ডিস ৩৪; মুস্তাফিজ ৩/২০, মেহেদি ২/২৫)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮; হাসারাঙ্গা ২/২২, শানাকা ২/২১)
বাংলার খবর ডেস্ক : 






















