
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। এ উৎসবকে ঘিরে হবিগঞ্জের মাধবপুরে ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বাজার।
প্রতিবছরের মতো এবারও পূজাকে সামনে রেখে মার্কেটগুলোতে বইছে উৎসবের আমেজ। তরুণ-তরুণীরা শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার মাধবপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপস্থিতি ও বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে।
কাপড়ের দোকানগুলোতে জিন্স ৬০০ থেকে ১২০০ টাকা, ড্রপ সোল্ডার টি-শার্ট ৪০০ থেকে ৫০০ টাকা, শার্ট ৫০০ থেকে ১০০০ টাকা এবং সাধারণ টি-শার্ট ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কসমেটিকস ও জুতার দোকানেও জমজমাট ব্যবসা লক্ষ্য করা গেছে।
ক্রেতা সুজিত রায় বলেন, “পূজায় পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করব, তাই এখনই কেনাকাটা করছি।” শিক্ষার্থী নিপুর বিশ্বাস জানান, “দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। প্রতিবছরের মতো এবারও পরিবারের সবার জন্য কেনাকাটা করছি।”
বিক্রেতারা জানিয়েছেন, পূজাকে ঘিরে শিশুদের পোশাকসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। স্বজন গার্মেন্টসের মালিক ঠাকুর লাল রায় বলেন, “আজকের বিক্রি ভালো হয়েছে, আশা করছি সামনে আরও বাড়বে।” তবে কিছু দোকানি জানিয়েছেন, আবহাওয়ার কারণে ক্রেতাদের ভিড় কিছুটা কম হলেও শেষ সময়ে বিক্রি আরও বাড়বে বলে তারা আশাবাদী।
শহরের বড় মার্কেট থেকে ফুটপাতের দোকান—সবখানেই এখন চলছে জমজমাট কেনাকাটা। উৎসব যত ঘনিয়ে আসছে, বাজার ততই মুখরিত হয়ে উঠছে।
বাংলার খবর ডেস্ক : 






















