
বাংলার খবর ডেস্ক:
স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী এখন থেকে উপবৃত্তি পাবে। পাশাপাশি তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন ছাড়াই পড়াশোনার সুযোগ পাবে। এই সিদ্ধান্তে দেশের মোট ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী, অর্থাৎ শতভাগ ছাত্রী, এর আওতায় আসছে। এর সঙ্গে অনগ্রসর আরও ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তি কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় সমন্বিত উপবৃত্তি স্কিমের চতুর্থ সংশোধনীতে ব্যয় বাড়িয়ে পরিধি সম্প্রসারণ করা হয়েছে। গত ১১ নভেম্বর অর্থ বিভাগ সংশোধিত ডকুমেন্ট অনুমোদন করে এবং ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে। কর্মসূচিটি বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। স্কিমের মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকায়।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →নতুন হিসাবে ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী ও ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পাবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা। ছাত্ররা আগের মতোই দারিদ্র্য যাচাইয়ের ভিত্তিতে এ সুবিধা পাবে। প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছিটমহলবাসী ও জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা পাবে বিশেষ অগ্রাধিকার।
আগের ১০টির সঙ্গে নতুন ১২টি মিলিয়ে মোট ২২টি উপজেলার যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তি পাবে। এই তালিকায় রয়েছে নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা উপজেলা।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →উপবৃত্তি পেতে শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক। টাকা জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, ‘আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে; সে অনুযায়ী প্রস্তুতি চলছে।’ তিনি জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, আবেদন যেভাবে
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 





















